সংকট সমাধান না হলে দায়িত্ব ছেড়ে দেয়ার আহ্বান: ইসলামী আন্দোলন
- আপডেট সময় : ০৮:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 9
সারা দেশে চলমান জ্বালানি সংকট, বিদ্যুৎ-গ্যাস সমস্যা ও মূল্যস্ফীতির সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, সংকটের জন্য নানা কারণ দেখিয়ে সরকারের দায় এড়ানোর সুযোগ নেই। এসব সমাধান করতে না পারলে সংশ্লিষ্ট মন্ত্রীদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে চলমান সংকটের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুতর সমস্যা সমাধানে ইউক্রেন ও ইরান যুদ্ধসহ বিভিন্ন কারণ দেখিয়ে দায় এড়াতে চায়। কোনো কোনো ক্ষেত্রে বিগত সরকারের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর প্রবণতাও দেখা যাচ্ছে।
তিনি বলেন, ‘নির্বাচনের পর ছয় মাস পার হয়েছে। কোনো ধরনের সংকট থেকে উত্তরণ করতে না পারলেও জনগণকে নতুন নতুন সংকটের মুখোমুখি করেছেন। এমন কোনো কাজ করতে পারেননি, যার মাধ্যমে জনগণ আশ্বস্ত হবে। বর্তমানে জ্বালানি সংকটের কারণে শিল্পোৎপাদনে ধস নেমেছে, হাজার হাজার মানুষ বেকার হচ্ছে। বিদ্যুৎ সমস্যার কারণে জনজীবন বিপর্যস্ত। গ্যাস সংকটের কারণে বাসাবাড়ির রান্না ও কারখানার উৎপাদন বন্ধ হচ্ছে। বেকারত্বের কারণে চুরি-ছিনতাই, রাহাজানিসহ আইনশৃঙ্খলার অবনতি নগরজীবনকে আতঙ্কিত করে তুলছে।’
ইসলামী আন্দোলনের মহাসচিব আরোও বলেন, ‘সংকট উত্তরণে ছয় মাসেও সরকারের কোনো পরিকল্পনা না দেখে জনগণ হতাশ। সংশ্লিষ্ট মন্ত্রীরা মিডিয়ার সামনে এসে শুধু দুঃখ প্রকাশ করেন। কিন্তু দেশকে সংকটে ফেলে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না। সংকটের সমাধান করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।’
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহানগরের সহসভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, ইসলামী যুব আন্দোলনের সহকারী সেক্রেটারি জেনারেল ইলিয়াস হাসান প্রমুখ।

























বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী