সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহে কাঁপবে দেশের কয়েকটি জেলা
- আপডেট সময় : ০১:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 187
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে মৃদু শৈত্যপ্রবাহের আগমন ঘটতে চলেছে। আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে। এতে দেশের ৪-৫টি জেলায় তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের মাত্রা স্পর্শ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সংস্থাটি জানায়, গত কিছুদিন ধরে দেশের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামলেও, কেবল তেঁতুলিয়াতেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহের মাত্রায় নামতে দেখা গিয়েছিল। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে শৈত্যপ্রবাহ তেমন আসে না। তবে এবার ব্যতিক্রম হতে যাচ্ছে।
বিডব্লিউওটি তথ্যানুযায়ী, আগামী সপ্তাহে দেশের ৪-৫টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে মৃদু শৈত্যপ্রবাহের সৃষ্টি করতে পারে। এসব জেলার মধ্যে রয়েছে— পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, মেহেরপুর যশোর (কয়েকটি স্থান) এবং শ্রীমঙ্গলে (মৌলভীবাজার জেলা)। এই স্থানগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।
বাংলাদেশী নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ ইরানের
সংস্থাটি আরও জানায়, মৃদু শৈত্যপ্রবাহের আওতার বাইরে থাকলেও দেশের আরও কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে পারে। এই জেলাগুলোতে তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে শীতের অনুভূতি দেবে।
এই তালিকায় থাকা জেলাগুলো হচ্ছে— রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকা।
অন্যদিকে, দেশের বাকি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এর মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার মান সব থেকে বেশি অর্থাৎ ১৫-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দেশের ৪-৫টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে এবং দেশের বাকি এলাকায়ও শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।
উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরেই নামছে তাপমাত্রার পারদ। শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, জেলাজুড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবারও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ভোরের দিকেই সূর্যের মুখ দেখা গেলেও হিমালয় থেকে বয়ে আসা বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে।
এদিকে ঢাকায় আজ সকালে তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শনিবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের প্রথমার্ধে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে আগামীকাল রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।























উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো