ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

- আপডেট সময় : ১১:২৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 60
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে ডিবি ও গোয়েন্দা সংস্থার একটি সূত্র নিশ্চিত করেছে।
শেখ মামুন খালেদের বিরুদ্ধে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, এক-এগারোর সময়ে বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প সংক্রান্ত অনিয়ম, ‘আয়নাঘরের রূপকার’ এবং সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জনসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে।
পদ্মায় বাসডুবি: ১৭ জনের মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত বছরের মে মাসে তাঁর ও তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত। ওই সময় তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের কথা জানিয়েছিল দুদক।
ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, আটকের পর শেখ মামুন খালেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার রাতে এক-এগারোর অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ, যিনি বর্তমানে একটি মানব পাচার মামলায় রিমান্ডে রয়েছেন। শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক এবং পরবর্তী সময়ে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত সংস্থাটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।




















