মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
- আপডেট সময় : ১০:০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 61
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পৃথক তিনটি দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছেন। রবিবার (২৪ মে) রাতের বিভিন্ন সময়ে এই দুর্ঘটনাগুলো ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, রাত ২টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের দোগাছি সেনা ক্যাম্পসংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে মালবোঝাই দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকের ভেতরে একজন আটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রাত আড়াইটার (২টা ৩০ মিনিট) দিকে শ্রীনগরের সমষপুর এলাকার যাত্রীছাউনির কাছে বাস ও প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারে থাকা ৩ জন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে রাত ১১টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ওমপাড়া এলাকায় একটি রডবোঝাই পিকআপে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। এতে পিকআপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এসব ঘটনায় ৬টি যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মহাসড়কে দফায় দফায় যান চলাচল বিঘ্নিত হয়।


























হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু