খুলনায় বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১১:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / 38
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের নানি ও দুই নাতি-নাতনিসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে নগরীর দারুল আমান মসজিদ গলির শরিফুল ইসলামের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বেবি (৬৫), তার নাতি শামীম (১২) ও মোস্তাকিম (৭)। এদের মধ্যে শামীম স্থানীয় একটি স্কুলে পড়াশুনা করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার দিন থেকে গত তিন দিন ধরে বাসাটি তালাবদ্ধ অবস্থায় ছিল। আজ বিকেলের দিকে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তল্লাশিকালে খাটের নিচ থেকে নানি বেবি বেগমের, ট্রাঙ্কের ওপর থেকে নাতনি শামিমের এবং ওয়ানড্রবের ভেতর থেকে সাত বছরের শিশু মুস্তাকিমের লাশ উদ্ধার করা হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত দুই শিশুর মা মেরি বেগমকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।
স্থানীয়দের ধারণা, মেরি বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছেন। জানা গেছে, চার বছর আগে মেরি বেগমের প্রথম স্বামী মাসুমের সাথে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি রফিকুলকে বিয়ে করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশগুলো মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে মেরি বেগমকে আটক করা হয়েছে। তবে মূল পরিকল্পনাকারী ও ঘাতকদের আটকে পুলিশের একাধিক টিম তৎপরতা চালাচ্ছে।
























ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব, এক জনের মৃত্যু