ইরানের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা: রুবিও
- আপডেট সময় : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 6
ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে নিজেই আলোচনার পরিবেশ নষ্ট করছে।
রোববার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র সবসময় কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত। আমরা ইরানের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই চেষ্টা চালিয়ে যাব। যদি সেই দরজা খুলে যায়, আমরা অবশ্যই তা স্বাগত জানাব।’
তিনি বলেন, জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি আরও শক্তিশালী করা এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করা। কিন্তু ইরান সেই শর্ত লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি।
রুবিওর ভাষায়, ‘তারা যদি সমঝোতার শর্তই ভঙ্গ করে, তাহলে সেই এমওইউ কার্যকর থাকতে পারে না। তারা একদিকে আলোচনার আগ্রহের কথা বলছে, অন্যদিকে জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। আজ রাতেও এমন হামলা হয়েছে।’
সিএনএনের এক প্রশ্নের জবাবে মার্কো রুবিও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তার সবচেয়ে বড় মূল্য দিতে হবে ইরানকেই।
তিনি বলেন, ‘আমি মনে করি না সেটি ইরানের জন্য ভালো হবে। তাদের অর্থনীতি ইতোমধ্যেই ভেঙে পড়েছে।’
রুবিওর এই মন্তব্য এমন সময় এলো, যখন টানা নবম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দুই দেশের মধ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। সূত্র: সিএনএন



























অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার: তথ্য উপদেষ্টা