সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন
- আপডেট সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 4
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হেনা মো. আখতার হোসেন রাসেল আজ বুধবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
ক্র্যাবের অফিস সেক্রেটারি ইসমাইল হোসেন ইমু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাসেল মোটরসাইকেলে জ্বালানি নিতে আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে গিয়েছিলেন। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) মৃত্যু সনদ অনুযায়ী, ওই দিন দুপুর ১২টা ৩৯ মিনিটে তাকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে সিসিইউ-২ ওয়ার্ডে স্থানান্তর করা হয়, যেখানে বেলা ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয় বলে মৃত্যু সনদে উল্লেখ রয়েছে।
ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ আবু হেনা রাসেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মুসলিম উদ্দিনের ছেলে রাসেল বাংলা ভাষার সংবাদপত্র ‘খবর সংযোগ’- এ বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি সমকাল, কালের কণ্ঠ, ভোরের কাগজসহ আরও কয়েকটি সংবাদপত্রে কাজ করেছেন। ক্র্যাব ছাড়াও তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্য ছিলেন।


























কাহারোলে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্ম সভা অনুষ্ঠিত