ডেঙ্গুতে ৬ মাসের চেয়ে জুলাইয়ে দ্বিগুণ মৃত্যু
- আপডেট সময় : ১১:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 9
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট ৫৩ জনের প্রাণহানি হলো। এ ছাড়া গত একদিনে নতুন করে ৪৬৩ জন ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (১৮৯ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৬৯, বরিশাল বিভাগে ৬৭, খুলনা বিভাগে ৬২, রাজশাহী বিভাগে ৩২, ময়মনসিংহ বিভাগে ২১, রংপুর বিভাগে ২০ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৫ জন মারা গেছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৯ জন ছাড়াও ময়মনসিংহ ও বরিশাল বিভাগে ৬ জন করে মোট ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী ও রংপুর বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। এরমধ্যে জানুয়ারিতে ২ জন ছাড়াও ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন এবং জুন মাসে ডেঙ্গুতে ১৩ জন মারা যান। তবে মার্চ ও এপ্রিল মাসে মশাবাহিত রোগটিতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। অন্যদিকে চলতি মাসের ৩০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। অর্থাৎ,চলতি জুলাইয়ের ৩০ দিনেই ৬ মাসের চেয়ে দ্বিগুণ মৃত্যু হয়েছে।

























পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের আলোচনায় ইতিবাচক অগ্রগতি