মানবপাচার রোধে আসছে ডিজিটাল তথ্যভাণ্ডার: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 4
মানবপাচার প্রতিরোধ ও দমনে প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্য ব্যবস্থাপনা জোরদার করতে ডিজিটাল মানবপাচার তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে নতুন মানবপাচার আইন বাস্তবায়নে বিধিমালা সংশোধন, ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং ভুক্তভোগীদের সুরক্ষায় ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ব মানবপাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ, মামলা পর্যবেক্ষণ, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং জাতীয় পর্যায়ে তথ্য বিশ্লেষণ আরও কার্যকর করতে একটি ডিজিটাল মানবপাচার তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানবপাচার-সংক্রান্ত তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও আদান-প্রদান সহজ হবে। নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য মানবপাচারের প্রবণতা বিশ্লেষণ এবং সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও বলেন, নতুন মানবপাচার আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিধিমালা সংশোধনের কাজ চলছে। পাশাপাশি ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) আরও শক্তিশালী করা হচ্ছে।
তিনি বলেন, মানবপাচার প্রতিরোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। প্রযুক্তির কার্যকর ব্যবহার ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানবপাচার প্রতিরোধে আরও ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে।




















২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু