নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী সুজন
- আপডেট সময় : ০৪:৪৭:৩১ অপরাহ্ন, রোববার, ৩০ অগাস্ট ২০২৬
- / 3
নতুন মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রোববার (৩০ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলন-কেন্দ্রিক একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে গত ১৯ আগস্ট যাত্রাবাড়ী থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন। ওই আবেদনে বলা হয়, আসামি নূরুল ইসলাম সুজন বৈষম্যবিরোধী আন্দোলন-কেন্দ্রিক এ ঘটনার সঙ্গে জড়িত বা অভিযুক্ত হওয়ায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।
পরবর্তীতে আসামির উপস্থিতিতে এ মামলার শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। এরই ধারাবাহিকতায় রোববার আদালতে এ মামলায় সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার দেখানোর জন্য রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী হারুন অর রশীদ। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ আলম শাহীন এর বিরোধিতা করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত যাত্রাবাড়ী থানার এই মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. পারভেজ মিয়া। পরবর্তীতে ওইদিন বিকেল ৫টায় আসামিদের গুলিতে আহত হলে প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই বছরের ২৯ অক্টোবর যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, নূরুল ইসলাম সুজনকে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানী শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে আটক করে পুলিশ। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া হয়। এসব মামলায় সাবেক এই মন্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন।


























অবশেষে যাকে বিয়ে করেছেন মিষ্টি জান্নাত