১০-০ গোলের লজ্জা, বাটলারের অধীনে সর্বকালের বড় বিপর্যয়
- আপডেট সময় : ০৩:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 1
বাংলাদেশ নারী ফুটবলে একের পর এক ধস। এএফসি এশিয়ান কাপের ব্যর্থতার পর সাফ চ্যাম্পিয়নশিপেও সাফল্য নেই। এবার এশিয়ান গেমসে আরও বড় বিপর্যয়ের মুখে পড়ল কোচ পিটার বাটলারের দল। জাপানে আজ তাঁর দল উত্তর কোরিয়ার কাছে হেরেছে ১০-০ গোলে। বাংলাদেশ নারী ফুটবল ইতিহাসে এটিই সবচেয়ে বড় পরাজয়।
এর আগে ২০১৩ সালে বাংলাদেশ ৯-০ গোলে হেরেছিল থাইল্যান্ডের কাছে। বাংলাদেশ নারী ফুটবল তখন হাটিহাটি পা। এরপর আর কখনও এত বড় পরাজয় দেখেনি লাল সবুজেরা। সেই লজ্জার রেকর্ড এবার ভাঙলেন ব্রিটিশ কোচ বাটলার।
ম্যাচের আগের দিনই কোচ পিটার বাটলার সাফ জানিয়েছেন ফলাফল তোয়াক্কা না করে এই ম্যাচে তিনি তরুণ ফুটবলারদের সুযোগ দেবেন। হয়েছেও তাই, একঝাক তরুণ ফুটবলার- মোমিতা খাতুন, অর্পিতা বিশ্বাস, সুরভী আফরিনদের প্রথম একাদশে সুযোগ দিয়েছেন।
কোচ শুরুর একাদশে রাখেননি ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শিউলি আজিম ও শামসুন্নাহারদের। শক্তিশালী উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে একাদশ নিয়ে কোচের এই সিদ্ধান্তই হয়ত বাংলাদেশকে লজ্জার হারের সামনে দাড় করিয়েছে। যেখানে প্রথামর্ধেই দল হজম করে ৭ গোল। পরের অর্ধে ঋতুপর্ণা, মনিকারা যখন মাঠে নামেন ততক্ষণে নিশ্চিত হারের মুখে দল।
ওসাকার নাগাই স্টেডিয়ামে সোমবার উত্তর কোরিয়ার বিপক্ষে হেরে এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টের গ্রুপ পর্ব শুরু করেছে বাটলারের দল। দুই দলের সবশেষ দেখায় নারী এশিয়ান কাপে ৫-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
এশিয়ান গেমসে তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়া শুরু থেকে মেলে আক্রমণাত্মক ফুটবলের পসরা। পঞ্চম মিনিটেই জন রয়োং জংয়ে গোলে তাদের উৎসবের শুরু। দশম মিনিটে এই ফরোয়ার্ডই করেন ব্যবধান দ্বিগুণ।
কোণঠাসা বাংলাদেশ বক্সের বাইরে তেমন বেরই হতে পারেনি; কিন্তু রক্ষণও জমাট রাখতে পারেনি আফঈদারা। প্রথমার্ধেই আরও পাঁচবারে গোল উৎসব করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় উত্তর কোরিয়া।
প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধেও উত্তর কোরিয়ার গোলক্ষুধা কমেনি। ৫১ মিনিটে রাই সং ও ৬০ মিনিটে জং জুম লক্ষ্যভেদ করেন।
৮৫ মিনিটে কুম জং, একটু পর হান জিন হংয়ের শট দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ফেরান মিলি। শেষ দিকে হান জিন হংয়ের কোনাকুণি শট পা চালিয়েও আটকাতে পারেননি মিলি; তাতে সবচেয়ে বড় ব্যবধানের হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
উল্লেখ্য, গত মার্চে এশিয়ান কাপেও এই উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে এবার এশিয়ান গেমসের মঞ্চে সেই ব্যবধান দ্বিগুণ ছাড়িয়ে দেশের ফুটবলে যুক্ত হলো লজ্জার এক নতুন অধ্যায়।
























১০-০ গোলের লজ্জা, বাটলারের অধীনে সর্বকালের বড় বিপর্যয়