৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 13
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আগামী ৪-৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্য একটা বৈষম্য লক্ষ্য করা যায়। যে কারণে বাজারে এখনো স্থিতিশীলতা নেই। ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে তা দেশের মানুষের জন্য উপকারী হবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি জানান, টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তর করার ফলে, ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য টিসিবি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে উপকারভোগীরা এখন থেকে আরও সহজে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন।
কোনো কারণে টিসিবির কার্ড হারিয়ে গেলে এ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তা সহজেই পুনরুদ্ধার করা সম্ভব হবে। এসময় তিনি ডিলার নিয়োগসহ টিসিবির বিভিন্ন সেবা অনলাইনের আওতায় নিয়ে আসার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান বলেন, টিসিবির সেবাকে আরও আধুনিক ও ডিজিটাল করতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সঠিকভাবে টিসিবির সেবা পান, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকারের অঙ্গীকার বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবিকে সর্বোচ্চ সহযোগিতা করবে।
আরেক বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে টিসিবির কার্যক্রমে জবাবদিহিতা আরও বাড়বে। নতুনভাবে উপকারভোগী অন্তর্ভুক্তি, হারিয়ে যাওয়া কার্ড পুনরুদ্ধার এবং সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




















মেধা ও যোগ্যতা দিয়ে ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী