৯ মিনিটে সুলিভানদের অবিশ্বাস্য জয়
- আপডেট সময় : ১২:৩০:২৯ অপরাহ্ন, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 1
তখন ম্যাচের ৬৪ মিনিট। স্কোরলাইন- স্বাগতিক স্পোর্টিং কানসাস সিটি ৩ ও ফিলাডেলফিয়া ইউনিয়ন ০! মনে হচ্ছিল, শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়বে কানসাস সিটি। তবে পরের ৯ মিনিটে যা হলো, সেটি যেন অবিশ্বাস্য কোনো চিত্রনাট্য!
দ্বিতীয়ার্ধের ৬৪ থেকে ৭৩ মিনিট- এই ৯ মিনিটে পরপর গোল করে ম্যাচটাই উল্টে দিল ফিলাডেলফিয়া ইউনিয়ন। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতে টানা পঞ্চম জয় তুলে নিলেন কাভান সুলিভানরা। যেখানে একটি গোল করে অবদান রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ।
কানসাস সিটির ঘরের মাঠে এমএসএলের ম্যাচে শুরুটা ছিল তাদেরই দাপটে। ম্যাচের পঞ্চম ও দশম মিনিটে জোড়া গোল করেন আন্দ্রে লুইজ। ১৬ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে স্কোরলাইন ৩-০ করেন ওয়াট মেয়ার।
মাত্র ১৬ মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিকেরা। পরে ৬৪ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয় কানসাস। এরপর বদলে যায় ম্যাচের সব হিসাব।
৬৪ মিনিটে ব্রুনো দামিয়ানি গোল করে ফিলাডেলফিয়ার ঘুরে দাঁড়ানোর শুরুটা করেন। দুই মিনিট পরই ব্যবধান কমিয়ে ৩-২ করেন ১৬ বছর বয়সী কাভান সুলিভান। দামিয়ানির গোলে অ্যাসিস্টও ছিল তার।
এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় ফিলাডেলফিয়া। ৬৮ মিনিটে মিলান ইলোস্কির গোলে স্কোরলাইন হয় ৩-৩। আর ৭৩ মিনিটে কানসাস সিটির ডিফেন্ডার জোরান বাসংয়ের আত্মঘাতী গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় ফিলাডেলফিয়া।
বাকি সময়ে আর গোল না হওয়ায় অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনিয়ন।
এই ম্যাচে আবারও আলো ছড়িয়েছেন ১৬ বছর বয়সী সুলিভান। সবশেষ ছয় ম্যাচে ছয় গোল করেছেন তিনি। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে সেপ্টেম্বর ও অক্টোবরে প্রীতি ম্যাচের জন্য প্রথমবার ডাক পাওয়ার মাত্র এক দিন পরই এমন পারফরম্যান্স দেখালেন এই কিশোর।
অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে টানা পাঁচ ম্যাচে জিতল ফিলাডেলফিয়া। শেষ ১১ লিগ ম্যাচে হারেনি তারা- জিতেছে ৯টি, ড্র করেছে ২টি। এই পাঁচ ম্যাচের জয়ের পথে তারা করেছে ১৯ গোল। এর মধ্যে শেষ তিন ম্যাচেই ১৪ গোল।
সব মিলিয়ে ২৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ৬ নম্বরে অবস্থান করছে সুলিভানের দল।




















মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর ১০ বছর কারাদণ্ড