কৃত্রিম টার্ফে খেলা, সালাহকে বাইরে রাখল মিশর
- আপডেট সময় : ১২:০৭:১৯ অপরাহ্ন, রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 7
কৃত্রিম টার্ফে খেলা। তাই ঝুঁকি নিতে চাননি মিশরের কোচ হোসাম হাসান। দক্ষিণ সুদানের বিপক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচে মোহামেদ সালাহকে বিশ্রাম দিয়েছে মিশর।
মঙ্গলবার দক্ষিণ সুদানের রাজধানী জুবায় ম্যাচটি খেলবে মিশর। তবে দলের সঙ্গে সেখানে যাননি ৩৪ বছর বয়সী সালাহ।
শুক্রবার অ্যাঙ্গোলার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে মিশরের একাদশে ছিলেন সালাহ। তবে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট পর তাকে তুলে নেন কোচ হাসান। এরপরই জানা যায়, দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচটিতে তাঁকে না খেলানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।
মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এক বিবৃতিতে বলেছে, ‘খেলার মাঠের সারফেস বিবেচনায় দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচে মোহামেদ সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দলের টেকনিক্যাল স্টাফ, যার নেতৃত্বে আছেন হোসাম হাসান।’
ইএফএ আরও জানিয়েছে, অ্যাঙ্গোলার ম্যাচের আগেই সালাহর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলেন কোচিং স্টাফ। খেলোয়াড়কে সুরক্ষিত রাখতেই শেষ পর্যন্ত তাকে দক্ষিণ সুদানের বিপক্ষে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কৃত্রিম টার্ফে খেলার ক্ষেত্রে চোটের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। যদিও প্রযুক্তির উন্নতির পরও কৃত্রিম মাঠে চোটের ঝুঁকি বেশি- এমন প্রমাণ গবেষণায় পাওয়া যায়নি।
গত মৌসুম শেষে ৯ বছরের সম্পর্কের ইতি টেনে লিভারপুল ছেড়েছেন সালাহ। ইংলিশ ক্লাবটির হয়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন তিনি। জিতেছেন ৯টি বড় ট্রফি।
এ মৌসুমে তুরস্কের ক্লাব ট্রাবজন্সপোরের হয়ে দারুণ ছন্দে আছেন সালাহ। তুর্কি সুপার লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচে তার গোল সাতটি, সঙ্গে আছে দুটি অ্যাসিস্ট।























প্রমোশন পেয়েও তৃপ্ত নন খালেদ-হাসানদের কোচ