বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কুইজ প্রতিযোগিতা

- আপডেট সময় : ০৪:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 3
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, ভূগোল ও দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বিষয়াবলীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতার পুরো সময়জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় আনন্দময় প্রতিযোগিতামূলক আবহ।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আফরিন নাহার নিঝু, দ্বিতীয় স্থান অর্জন করেন খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের জান্নাতুল ফেরদৌস জেবা এবং তৃতীয় স্থান অর্জন করেন একই বিভাগের নাঈমা ইসলাম বৃষ্টি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিজয়ীরা নিজেদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞান ও মেধাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ তৈরি হলে তারা নিজেদের শিকড় ও জাতীয় পরিচয় সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবে।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখার সভাপতি মুসলেমিনা সুলতানা, সাধারণ সম্পাদক লাবণ্য মল্লিক, এবং বসুন্ধরা শুভসংঘের সদস্য রাজমিন সুলতানা, আফরিন নাহার নিঝু, ফাহমিদা আঞ্জুম, লামইয়া রওশন, সাঈবা সিদ্দিক অবনী, সাজিদা আফনান নাবিলা, বিপাশা আক্তার বীথি, রুকাইয়া জামিন নাজাত, নাঈমা ইসলাম বৃষ্টি, তাসনিম, অর্পিতা পাল সহ বসুন্ধরা শুভসংঘের অন্যান্য সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখার সভাপতি মুসলেমিনা সুলতানা জানান, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে কুইজের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলা, মেধার বিকাশ ঘটানো এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করাও ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’
সাধারণ সম্পাদক লাবণ্য মল্লিক বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার অভ্যাস গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জানার সুযোগ তৈরি করা প্রয়োজন। কুইজ, বিতর্ক, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন জ্ঞানভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
বসুন্ধরা শুভসংঘের গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখার এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দেশ, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের জ্ঞানভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।















