ইউরোপের সাত দেশের ফ্রিজে সাইবার হামলা, বিপুল খাদ্যপণ্য নষ্ট

- আপডেট সময় : ০৯:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 2
ইউরোপের সাতটি দেশে সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন দোকানের ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে মাংস, মাছসহ বিপুল পরিমাণ হিমায়িত ও তাজা খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়। সোমবার (২ নভেম্বর) বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস ও সুইডেনের বিভিন্ন সুপারমার্কেটে এসব ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় অনুপ্রবেশ করে সেটিংস পরিবর্তন করেন। কোথাও শীতলীকরণব্যবস্থা বন্ধ হয়ে যায়, আবার কোথাও ফ্রিজারের ভেতরে উষ্ণ বাতাস প্রবাহিত হতে থাকে। এতে রাতের মধ্যে অনেক দোকানের খাবার নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে এসব পণ্য বিক্রি থেকে সরিয়ে ফেলতে হয়েছে।
সুইডেনের স্টকহোমে আইসিএ সুপারমার্কেটের একটি শাখার বিক্রয় ব্যবস্থাপক এংলা ইংওয়াল রয়টার্সকে জানান, সোমবার রাত দুইটার দিকে সাইবার হামলাটি ঘটে। সকালে কর্মীরা দোকানে এসে দেখেন, সব ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এতে ভেতরে রাখা খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়। সুইডেনের আরেক বড় সুপারমার্কেট প্রতিষ্ঠান কুপও তাদের কয়েকটি দোকানে একই ধরনের সমস্যার কথা জানিয়েছে।
বেলজিয়ামে ডেলহাইজ, ক্যারেফোর, কোলরাইট ও ইন্টারমার্শের বিভিন্ন শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যারেফোর জানিয়েছে, দেশটিতে তাদের ৭০০টি দোকানের মধ্যে ১৫টিতে সমস্যা দেখা দেয়। অন্যদিকে ডেলহাইজের কয়েক ডজন দোকানের শীতলীকরণব্যবস্থা আক্রান্ত হয়। লুক্সেমবার্গেও প্রতিষ্ঠানটির কয়েকটি শাখায় একই সমস্যা দেখা গেছে।
আয়ারল্যান্ডের সুপারমার্কেট প্রতিষ্ঠান সুপারভ্যালুর ১৩টি শাখার ফ্রিজ ও ফ্রিজারের কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকানাধীন মাসগ্রেভ গ্রুপ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব দোকান থেকে হিমায়িত ও ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করা খাদ্যপণ্য বিক্রি বন্ধ করা হয়। পরে প্রযুক্তিগত সমস্যা সমাধানের পর নতুন করে পণ্য সরবরাহ শুরু হয়।
নেদারল্যান্ডসে অন্তত ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠানের শীতলীকরণব্যবস্থায় হামলার তথ্য পাওয়া গেছে। এস্তোনিয়ার সেলভার সুপারমার্কেটের একটি শাখাতেও একই ধরনের ঘটনা ঘটে। অন্যদিকে ফিনল্যান্ডের কয়েকটি সুপারমার্কেটে সমস্যার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বেলজিয়ামের মন্স শহরে আইকিয়ার একটি দোকানের ফ্রিজারও সাইবার হামলায় আক্রান্ত হয়।
এর আগে গত ১২ অক্টোবর ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটে একই ধরনের সাইবার হামলা হয়েছিল। সে সময় হ্যাকাররা দূর থেকে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা পরিবর্তন করায় বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়। কয়েকটি স্থানে অতিরিক্ত তাপের কারণে আগুন লাগার ঘটনাও ঘটে বলে তদন্তকারীরা জানিয়েছেন। সাম্প্রতিক হামলার সঙ্গে ফ্রান্সের আগের ঘটনার প্রযুক্তিগত মিল থাকলেও একই ব্যক্তি বা গোষ্ঠী জড়িত কি না, তা এখনো শনাক্ত হয়নি।
বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর কার্যালয় নতুন হামলার তদন্ত শুরু করেছে। দেশটির সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষও বিষয়টি পর্যবেক্ষণ করছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সুপারমার্কেটের ফ্রিজ, কারখানার যন্ত্রপাতি ও অন্যান্য শিল্প সরঞ্জাম ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণের সুযোগ থাকায় সাইবার হামলার নতুন ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে দুর্বল পাসওয়ার্ড ও হালনাগাদ না করা সফটওয়্যার ব্যবহার করলে এসব ব্যবস্থায় অনুপ্রবেশের সুযোগ বাড়ে।
এদিকে ইউরোপীয় কমিশনের খাদ্য ও কৃষিবিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন বারবার এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, খাদ্য সরবরাহব্যবস্থায় পরিকল্পিত বিঘ্ন তৈরি হলে ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি ভোক্তাদের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
সর্বশেষ সাইবার হামলায় ইউরোপের শতাধিক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে মোট আর্থিক ক্ষতির হিসাব এখনো প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা হামলাকারীদের শনাক্ত এবং ভবিষ্যতে একই ধরনের ঘটনা প্রতিরোধে প্রযুক্তিগত নিরাপত্তাব্যবস্থা জোরদারের কাজ করছেন। সূত্র: রয়টার্স, এএফপি ।



















