মার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের

- আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 2
আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আজমানে শুরু হবে ১০ দলের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা।
১৫ সদস্যের দলে ফিরেছেন সাথি রানি, জান্নাতুল ফেরদৌস ও দিশা বিশ্বাস। চোটের কারণে নেই পেসার মারুফা আক্তার। বাদ পড়েছেন ব্যাটার শারমিন সুলতানা আর বিশ্রাম দেওয়া হয়েছে অফ-স্পিনার সুলতানা খাতুনকে।
এই টুর্নামেন্ট দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন নাহিদা আক্তার। ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার।
১০ নভেম্বর আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও গত আসরের চ্যাম্পিয়ন থাইল্যান্ড।
পাকিস্তান ম্যাচের পরদিন ১৩ নভেম্বর জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬ নভেম্বর তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে।
এবারের আসরে অংশ নিচ্ছে ১০টি দল। পাঁচ পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে থাকছে নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
দলগুলোকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক আমিরাত। সব ম্যাচই হবে আজমানে। কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড ও সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাবে হবে ম্যাচগুলো।
বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথি রানি।
























