ওলিসের দুর্দান্ত গোলে জিতল ফ্রান্স

- আপডেট সময় : ১২:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 0
দাপুটে ফুটবলে শুরু থেকেই একের পর এক আক্রমণ সাজাল ফ্রান্স। কিন্তু বল জালে জড়ানোর ক্ষেত্রে দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপের অভাবটা ঠিকই টের পেল তারা। শেষমেশ দলকে বাচালেন বদলি নামা মাইকেল ওলিসে। জয় নিয়েই মাঠ ছাড়ল জিনেদিন জিদানের দল।
ব্রাসেলসে রোববার রাতে ইউয়েফা নেশনস লিগের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ফ্রান্স। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে চমৎকার এক গোলে দলের টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছেন ওলিসে।
চোটের কারণে আগেই ছিটকে যান এমবাপে। তাকে ছাড়াও বেলজিয়ামের রক্ষণের কঠিন পরীক্ষা নেয় ফ্রান্স। ম্যাচজুড়ে প্রায় ৬৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে গোলের জন্য ১৬টি শট করে তারা। এর ৯টি ছিল লক্ষ্য বরাবর।
বিপরীতে বেলজিয়ামের ১০ শটের মাত্র ২টি ছিল লক্ষ্য বরাবর। যেগুলো থেকে বিপদ ঘটেনি ফ্রান্সের।
তুরস্কের বিপক্ষে একই ব্যবধানের জয় দিয়ে নেশনস লিগ শুরু করেছিল ফ্রান্স। এমবাপেসহ ওই ম্যাচের শুরুর একাদশে ৯টি পরিবর্তন আনেন জিদান। প্রায় ১৬ বছর পর ফ্রান্সের জার্সিতে একসঙ্গে অভিষেক হয় তিন ফুটবলারের।
প্রথমবার জাতীয় দলের হয়ে খেলতে নামা জেরেমি জ্যাকে, অ্যান্ডি দিওফ বা লুকাস দা কুনহার সঙ্গে দলের বাকিরাও জ্বলে উঠলে একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স। বিরতির আগে একাধিক জোরাল সুযোগ পায় তারা। কিন্তু কাজে লাগেনি।
দ্বিতীয়ার্ধে ফিরেও একই দশা। বারবার সুযোগ তৈরি করলেও মিলছিল না গোল। অবশেষে ৮৮ মিনিটের মাথায় ডেডলক ভাঙেন ৭৬ মিনিটে বদলি নামা ওলিসে। রায়ান শেরকির পাস ধরে অনেকটা পথ এগিয়ে গিয়ে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন তিনি।
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ফ্রান্স। সমান ম্যাচে বেলজিয়ামের সংগ্রহ ৩ পয়েন্ট।
আগামী শুক্রবার রাতে নিজেদের পরের ম্যাচে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স।


























