২০২৭ বিশ্বকাপের সূচি ঘোষণা বৃহস্পতিবার

- আপডেট সময় : ১২:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 0
দেখতে দেখতে কাছাকাছি চলে এসেছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। কেপটাউনে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৭ সালের বিশ্বকাপের সূচি ঘোষণা করবে আইসিসি ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
মূলত বিশ্বকাপ মাঠে গড়ানোর এক বছরের কাউন্টডাউন শুরু উপলক্ষেই ১ অক্টোবর সূচি ঘোষণার দিনক্ষণ ঠিক করেছে আইসিসি ও সিএসএ। একই দিন বিশ্বকাপের টিকিটের জন্যও নিবন্ধন শুরু করা হবে।
এর আগে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের গান্ধী জয়ন্তী দিবস অর্থাৎ ২ অক্টোবর শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। প্রায় দেড় মাসের লড়াইয়ের পর ২১ নভেম্বর মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৪ দেশের মধ্যে ১০টি নিশ্চিত হয়ে যাবে বুধবার। এর মধ্যে দুটি অবশ্য আগেই নিশ্চিত- স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। নামিবিয়া সহ-স্বাগতিক দেশ হলেও তাদের পার করতে হবে বাছাইপর্ব।
এছাড়া আইসিসি ওয়ানডে র্যাংকিং থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে আরও ৮টি দেশ। সে দৌড়ে আপাতত একরকম নিশ্চিত ভারত, বাংলাদেশ, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তান।
বাকি ৪টি দেশ চূড়ান্ত হবে বাছাইপর্ব থেকে। যেখানে অন্যান্য সহযোগী দেশের সঙ্গে লড়াইয়ে নামতে হবে দুই পূর্ণ সদস্য দেশ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের।
বিশ্বকাপের সূচি ঘোষণার দিন টিকিটের ব্যালটও উন্মোচন করা হবে। তাৎক্ষণিকভাবে সেদিনই টিকিট কেনা যাবে না। তবে ১ অক্টোবর থেকে নিজেদের আগ্রহ জানিয়ে ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবেন ক্রিকেট ভক্ত-সমর্থকরা।
এর আগে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাটের ঘোষণা দিয়েছে আইসিসি। টুর্নামেন্ট শুরু হবে সুপার সিরিজ দিয়ে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৪টি দলের মধ্যে র্যাংকিংয়ে সবচেয়ে নিচে থাকা তিন দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। এই পর্বের শীর্ষ দলটি পরের ধাপে জায়গা করে নেবে।
এরপর দ্বিতীয় রাউন্ডে হবে ৩০টি ম্যাচ। ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রতিটি গ্রুপে ছয়টি করে দল রাখা হবে। গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা অবস্থানে থাকা দল; মোট সাতটি দল উঠবে সুপার সেভেন পর্বে।
সুপার সেভেনে হবে ২১টি রাউন্ড-রবিন ম্যাচ। এই পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমি-ফাইনালে। সেখানে প্রথম স্থানে থাকা দল মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা দলের আর দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে।
দুই সেমিফাইনালের জয়ী দল মুখোমুখি হবে ফাইনালে, সেখানেই নির্ধারিত হবে বিশ্বকাপের চ্যাম্পিয়ন।


























