অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন বিজয়-রাধিকা

- আপডেট সময় : ০১:১৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 0
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা যতটা চ্যালেঞ্জের, পর্দার সেই দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাও অভিনেতাদের জন্য কম নয়। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘পার্চড’ সিনেমার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর ভয় পেয়েছিলেন রাধিকা আপ্তে। এবার ‘লাস্ট স্টোরিজ় ৩’-এ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় এবং সেগুলো ফাঁস হওয়ার আশঙ্কা নিয়ে মুখ খুললেন অভিনেতা বিজয় বর্মা ও রাধিকা।
সাক্ষাৎকারে রাধিকা জানান, অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে যাওয়া অভিনেতার নিয়ন্ত্রণে থাকে না। তাই এ নিয়ে সব সময় দুশ্চিন্তা করে লাভ নেই। বরং নিজের কাজের লক্ষ্য এবং পরিচালক ও নির্মাতাদের উদ্দেশ্যের ওপর আস্থা রাখা জরুরি। এরপর নিজের কাজটুকু করে এগিয়ে যেতে হয়।
‘লাস্ট স্টোরিজ ৩’-এ আলি ফজলের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন রাধিকা। এমন দৃশ্যে অভিনয়ের সময় ঝুঁকির বিষয়টি তার মাথায় থাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাদের আমরা কী করতে পারি? তাদের বাড়িতে গিয়ে তো বলতে পারি না, এসব করবেন না। সত্যি বলতে, কিছুই করার থাকে না। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় মাথায় রাখতে হয়, দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই ঝুঁকি জেনেই কাজ করতে হয়।’
অন্যদিকে, ‘লাস্ট স্টোরিজ় ২’-এর সুজয় ঘোষ পরিচালিত পর্বে তৎকালীন প্রেমিকা তমন্না ভাটিয়ার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন বিজয় বর্মা। পরে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে। এ ধরনের দৃশ্যে অভিনয়ের সময় সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে কীভাবে ভাবেন না, তা জানিয়েছেন অভিনেতা।
বিজয়ের কথায়, ‘এমন দৃশ্যে অভিনয় করার সময়ে দর্শক কীভাবে দেখবেন, সেই ভাবনাটা মাথা থেকে সরিয়ে রাখতে হয়। আমরা জানি, এই ধরনের দৃশ্য অনেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এটাই বাস্তবতা। কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিছু দৃশ্য আরও বেশি ছড়িয়ে পড়ে, নানা জায়গায় ঘুরতে থাকে। কিন্তু এই ভাবনাগুলো মাথায় রেখে দিলে আমি যে ধরনের কাজ করতে চাই, তা করতে পারব না। অভিনেতা হিসেবে নতুন কিছু করার সাহসও হারিয়ে ফেলব।’
অভিনেতাদের মতে, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অস্বস্তি ও ফাঁস হওয়ার আশঙ্কা থাকলেও সেই ভয়কে প্রাধান্য দিলে অভিনয়ের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে। তাই ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই নিজেদের কাজে মনোযোগী থাকতে চান তারা।

























