দিনাজপুরের মানুষ ভালো, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো: ত্রাণমন্ত্রী

- আপডেট সময় : ০৩:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 2
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দিনাজপুর একটি শান্তিপূর্ণ ও খাদ্যসমৃদ্ধ জেলা। এখানকার মানুষ ভালো এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক। তবে জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে, যা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে সমাধান করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দিনাজপুরের বিভিন্ন সমস্যা আজ আমাদের সামনে উঠে এসেছে। সব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। কোন সমস্যাগুলো দ্রুত সমাধান করা যাবে, কোনগুলো মধ্যমেয়াদে এবং কোনগুলো দীর্ঘমেয়াদে বাস্তবায়ন করতে হবে, তা নির্ধারণ করে ধাপে ধাপে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমি দিনাজপুরকে আরও আলোকিত ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জেলার উন্নয়নকে এগিয়ে নেওয়া সম্ভব।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য ও আলোচনা করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবুসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।














