সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, শাস্তি নিশ্চিত করতে হবে : জামায়াত আমির

- আপডেট সময় : ০৪:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 2
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনাকে ঘিরে গত কয়েকদিন ধরে রাজনৈতিকদলগুলোর মধ্যে পক্ষে বিপক্ষে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
এরই মধ্যে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপই মোটেই যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
জামায়াত আমির লিখেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে।
শফিকুর রহমান বলেন, কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপই মোটেই যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে।
এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। আজ দুপুরের দিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসি আহমেদ মিষ্টি।
রাড্ডা সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগের পর তাকে পদত্যাগ করতে হয়।
এদিকে রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এছাড়া এ ঘটনায় বিএনপির সাংগঠনিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
















