মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়

- আপডেট সময় : ১২:২৩:০১ অপরাহ্ন, রোববার, ১৮ অক্টোবর ২০২৬
- / 1
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মেজর লিগ সকারে (এমএলএ) আরও একটি জয় তুলে নিল ইন্টার মায়ামি। আজ ভোরে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মায়ামির জয় ৩-১ ব্যবধানে।
ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে জার্মান বেরতেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। লুইস সুয়ারেজের সহায়তায় গোলটি করেন তিনি। এর আগে মেসির পাসও ছিল আক্রমণ গড়ে ওঠার পেছনে।
বিরতির পর ৫৬তম মিনিটে গোল করে মায়ামির ব্যাবধান ২-০ করেন মেসি। বেরতেরামের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল দেওয়া-নেওয়ার পর বক্সে ঢুকে পড়েন আর্জেন্টাইন মহাতারকা। এরপর গোল মুখে তার নিচু শট গোলকিপারের পায়ের ফাঁক গলে জালে জড়ায়।
এর চার মিনিট পরই আবারও স্কোরশিটে নাম লেখান মেসি। সুয়ারেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে আটালান্টার এক ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল পাঠান তিনি। গোলকিপার সামনে এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলেও মেসিকে থামাতে পারেননি।
এই গোলে এমএলএসে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা বেড়ে হয়েছে ২৫। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। গত মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। লিগের ইতিহাসে তিনিই ও জোসেফ মার্তিনেজ একাধিকবার নিয়মিত মৌসুমে অন্তত ২৫ গোল করার কীর্তি গড়েছেন।
গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির অবদান এখন ৪০। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কার্লোস ভেলার গড়া ৪৯ গোল-অ্যাসিস্টের রেকর্ড ছুঁতে আরও ৯টি অবদান প্রয়োজন তার। নিয়মিত মৌসুমে মায়ামির হাতে আছে চার ম্যাচ।
শেষ দিকে ফাফা পিকোর পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আটলান্টা। তবে তাতে ম্যাচের ফলে কোনো প্রভাব পড়েনি। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
৩০ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে ইস্টার কনফারেন্সের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে মায়ামি। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল এসসি। ৩০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আটলান্টা।


























