দেশের অধিকাংশ এলাকায় থাকবে শুষ্ক আবহাওয়া

- আপডেট সময় : ১১:৫২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 1
দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ২০ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে শীত অনুভূত হতে পারে। বর্তমানে দেশের কোথাও কোথাও কুয়াশার মতো ধোঁয়াশা দেখা যাচ্ছে, আবার কিছু অঞ্চলে গরমের অনুভূতিও রয়েছে। তবে ডিসেম্বর থেকে দেশজুড়ে শীত পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
আবুল কালাম মল্লিক বলেন, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা দেখা দিতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।
তিনি বলেন, নভেম্বরের মাঝামাঝি বা হেমন্তের প্রান্তিক পর্যায়ে হালকা হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে পুরোদমে শীত পরবে। এ ছাড়াও এবার এল নিনোর প্রভাবে শীতের অনুভূতি কম থাকবে।
তবে কোথায় কতটা শীত পড়বে, তাপমাত্রা কতটা কমবে এবং কুয়াশার প্রকোপ কেমন হবে, তা নির্দিষ্ট সময়ের আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করবে।
এদিকে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজকের আবহাওয়ার অন্যান্য তথ্যের মধ্যে সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ।
এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের তেতুলিয়ায় ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ৫৮ মিনিটে সূর্যোদয় হবে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।























