হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০০

- আপডেট সময় : ০৮:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 2
হামের উপসর্গে সারা দেশে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০০ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৮ শিশুর মৃত্যু হলো। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২৬৩ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮২ শিশু হামে আক্রান্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ২৬০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২০৪ শিশু।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন সন্দেহজনক রোগী ৫৪৬। চট্টগ্রাম বিভাগে ২৩৬ জন, সিলেটে ১৪২, বরিশালে ১৩২, ময়মনসিংহে ১০০, খুলনায় ৯৪, রংপুরে ৩৫ ও রাজশাহী বিভাগে ৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।



















