বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক শাখার ম্যানেজার উদ্ধার

- আপডেট সময় : ১১:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / 188
সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে। র্যাবের মধ্যস্থতায় তাকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, র্যাবের মধ্যস্থতায় বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।
তবে একটি সূত্র জানিয়েছে, অপহৃত ব্যাংক ম্যানেজারকে মুক্ত করতে কেএনএফ-এর দাবিকৃত ১৫ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের আগে কেএনএফ’র মনোনীত প্রতিনিধির কাছে এই টাকা হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন অপহৃতের পরিবার।
অপহৃত সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনের পরিবারের এক সদস্য বলেন, টাকা পরিশোধের পরপরই কেএনএফ’র পক্ষে যোগাযোগকারীর মোবাইল নম্বরটি বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আবারও যোগাযোগ হয়। তখন কেএনএফ প্রতিনিধি বলেন, ম্যানেজার নেজাম উদ্দিন এখন নামাজ পড়ছেন। নামাজের পরপরই তাকে মুক্ত করা হতে পারে।
এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাতে ব্যাংকের ১ ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। বৃহস্পতিবার তাকে ছাড়তে ১৫-২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এসে বাজারের মসজিদ ও ব্যাংক ঘেরাও করে সবাইকে জিম্মি করে রাখে। এসময় তারা সোনালী ব্যাংকের ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকাসহ ডিউটি পুলিশের ১০টি অস্ত্র ও আনসার বাহিনীর ৪টি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা যাওয়ার সময় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।




















