উপদেষ্টাকে ঘিরে মাইলস্টোনে শিক্ষার্থীদের বিক্ষোভ

- আপডেট সময় : ১২:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 59
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দুইজন উপদেষ্টা কলেজ পরিদর্শনে আসেন। কলেজ থেকে বের হতে গেলে শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার কলেজের পাঁচ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে প্রবেশ করলে সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেন। সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তবে কলেজের বাইরেও শত শত শিক্ষার্থী বিক্ষোভ অব্যাহত রেখেছে। নিহত শিক্ষার্থীদের সঠিক নাম-পরিচয় প্রকাশ, আহতদের তালিকা প্রকাশ, ক্ষতিপূরণ প্রদান এবং বিমান বাহিনীর ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমানের বিকল্পসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তারা জানাচ্ছে।
সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচির পরিকল্পনা করলেও তার আগেই দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করে প্রতিবাদ বা জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবুও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেয় এবং দাবি আদায়ে সোচ্চার হয়।
এদিকে, আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় এবং ৬ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে।
শিক্ষার্থীদের ৬ দাবি:
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ
২. আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
৩. শিক্ষকদের সঙ্গে সেনা সদস্যদের অসৌজন্যমূলক আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা
৪. ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ
৫. ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল ও আধুনিক প্লেন চালু
৬. মানবিক ও নিরাপদ প্রশিক্ষণ পদ্ধতি চালু
ঘটনার পর থেকে এখনো বিদ্যালয়ের সামনে স্বজনদের কান্না, শিক্ষার্থীদের ক্ষোভ ও স্থানীয় জনতার ভিড় অব্যাহত রয়েছে।




















