নৌযান চলাচল বন্ধ, সেন্ট মার্টিনে খাদ্যসংকট

- আপডেট সময় : ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, রোববার, ২৭ জুলাই ২০২৫
- / 69
লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে সাগর উত্তাল থাকায় গত চারদিন ধরে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে তীব্র নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে এবং দ্বীপের ১০ হাজারেরও বেশি বাসিন্দা আতঙ্কে রয়েছেন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, অমাবস্যার কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উচ্চতায় প্লাবিত হচ্ছে, ফলে বিভিন্ন এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। শক্তিশালী ঢেউয়ের কারণে কিছু কিছু স্থানে ভাঙনও শুরু হয়েছে।
স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, নৌযান চলাচল বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ফুরিয়ে আসছে। দ্রুত খাদ্যপণ্য না পৌঁছালে তীব্র সংকট দেখা দেবে। তিনি দ্বীপবাসীর জন্য জরুরি ভিত্তিতে সি-ট্রাক ও সি-অ্যাম্বুলেন্স চালুর দাবি জানিয়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চলাচল শুরু হবে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।





















