জনগণের অধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি: ড. মঈন খান

- আপডেট সময় : ০৯:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 61
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘ জনগণের অধিকার নিশ্চিত করাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র। ‘
তিনি বলেন, ‘গণতন্ত্র হচ্ছে সকল মানুষের অধিকার নিশ্চিত করার একটি সমাজ ব্যবস্থা। যেখানে সকল মানুষ তার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। শুধু একজন মানুষ কথা বলবে, একজন কর্তৃত্ব জাহির করবে সেটা কখনো গণতন্ত্র হতে পারে না, সেটা স্বৈরতন্ত্র।’
সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে এক পথসভায় তিনি এ কথা বলেন।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করেছে, গত এক বছর আগেই সে যাত্রা শুরু হয়েছে। যা আগামী বছরের জাতীয় নির্বাচনে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘বিএনপি এমন গণতন্ত্রের কথা বলে, যে গণতন্ত্রে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়, অর্থনৈতিক মুক্তির অধিকার নিশ্চিত হয় এবং দেশের মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হয়। বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের কথা শুনে, তাদের পরামর্শ নিয়ে।’
জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ।




















