টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন: বিস্ফোরণে দগ্ধ ৬

- আপডেট সময় : ১১:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 45
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ইতোমধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে যৌথ বাহিনীও যোগ দিয়েছে।
আগুন নিয়ন্ত্রণে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলার ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৫ কর্মীসহ ৬ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তি ফায়ার সার্ভিসের কর্মী বলে জানা গেছে।
আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের হতাহতদের মধ্যে ৪ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় লাগা আগুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে আমরা উপস্থিত রয়েছি। ভেতরে উদ্ধার অভিযান চলছে। আশপাশের পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নজরদারিতে রয়েছে।
ইসরাইলকে হামলা জোরদার না করতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা
আহতরা হলেন—ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম ৪২%, ফায়ার ফাইটার মো. শামীম ১০০%, মো. নুরুল হুদা ১০০%, মো. জয় হাসান ৫%। তবে আহত কারখানা কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর মধ্যে জয় হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি।
এর আগে দুর্ঘটনার বিষয়ে প্রেস ব্রিফিং করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ছালেহ উদ্দিন। তিনি জানান, কেমিক্যাল গোডাউনে সোডিয়াম বাই কার্বোনেট, ব্লিসিং পাউডার, হাইড্রোজ, মেটা, স্টোন, শোডাসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল যত্রতত্র মজুদ ছিল।
তিনি আরও জানান, গুদামের মালিক বা ভাড়াটিয়া কাউকে পাওয়া যায়নি, আপাতদৃষ্টিতে মনে হয়েছে তারা কোনো নিয়ম কানুন মেনে কেমিক্যাল গোডাউন করেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত কমিটির প্রতিবেদনের পর জানা যাবে।






















