ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন এবং সেটি উৎসবমুখর হবে: প্রধান উপদেষ্টা

- আপডেট সময় : ১০:৫৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 53
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি মাসেই সংসদ নির্বাচন হবে এবং সেটি উৎসবমুখর হবে। সেজন্য যা যা করা দরকার সেটি সরকার করবে বলেও জানিয়েছেন তিনি। আজ (সোমবার, ১৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এক জরুরি বৈঠকে একথা বলেন তিনি।
আগামী শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান হবে এবং তাতে সবাই (বিভিন্ন রাজনৈতিক দল) উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর করবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছাত্র-জনতার যে অভ্যুত্থান তার পরবর্তী অধ্যায় হিসেবে এটা সঠিকভাবে রচিত হলো।’
বেসরকারি কেমিক্যাল গোডাউনগুলো উৎখাত করা দরকার: শারমীন মুরশিদ
বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবে। যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটি জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবিসহ। এটা জাতির জন্য মস্ত বড় সম্পদ হয়ে রইলো। যে দলিল তৈরি করেছেন তা হারিয়ে যাবে না। এগুলো প্রত্যেকের কাছে যেন যায়’।
প্রধান উপদেষ্টা বলেন ‘এখানে (কমিশনের বৈঠকগুলোতে) যে বিতর্কগুলো করেছেন সেগুলো অমূল্য সম্পদ। এগুলো স্কুল কলেজে ও জনসাধারণের জন্য সহজ করে প্রচার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এটা গুটিকতক রাজনৈতিক নেতার বিষয় না, গোটা জাতির বিষয়। আমরা সবাই উৎসবমুখর হয়ে যাবো। সই করবো। জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে’।
বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।






















