অন্তর্বর্তী সরকারকে ‘কেয়ারটেকার সরকারে’ রূপান্তর হতে হবে: আমীর খসরু

- আপডেট সময় : ০৫:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 75
অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকারে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যাদের নিয়ে বিতর্ক রয়েছে, তাদের বাদ দিয়ে কেয়ারটেকার সরকার গঠন করতে হবে, নইলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কেয়ারটেকার সরকারের চরিত্র ও কাঠামো সংবিধানে নির্ধারিত আছে। তাই এই সরকারকে এখন থেকেই সংবিধানে বর্ণিত কেয়ারটেকার সরকারের বৈশিষ্ট্য অনুযায়ী আচরণ করতে হবে। তাদের এখন আর গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়; বরং ধীরে ধীরে কেবল দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকা উচিত। কারণ, বড় কোনো সিদ্ধান্ত নিলে সেটি নিয়ে নানা প্রশ্ন উঠছে।
যুক্তরাষ্ট্রের আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আমীর খসরু বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এগোতে গিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা তৎপরতা আমরা মাঠে দেখতে পাচ্ছি। বিএনপি চাইলে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে রাস্তায় নামতে পারত, কিন্তু আমরা তা করিনি। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি। জোর করে কিছু আদায় করার চেষ্টা করিনি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী।
তিনি আরও বলেন, সব শ্রেণির মানুষের এখন একটাই প্রশ্ন নির্বাচন কবে হবে। অনির্বাচিত সরকার দেশ চালালে সেখানে জবাবদিহিতা থাকে না। তাই অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা, তারা অতি দ্রুত দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেবে।
ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমান, মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন আলমগীরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
























