বরিশালে ৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

- আপডেট সময় : ০৮:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 90
মহান বিজয় দিবস উপলক্ষে ৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ হচ্ছে অবশ্যম্ভাবী বাস্তবতা। এটার কোন বিকল্প হয় না। মুক্তিযুদ্ধ না হলে জাতি এখনো অর্থনৈতিক বৈষম্য, অত্যাচার ও নিপীড়নের হাত থেকে মুক্তি লাভ করতে পারতো না। অত্যাচারের বিরুদ্ধে অকুতোভয়, সাহসী, নির্ভীক ও জাতির শ্রেষ্ঠ সন্তানেরা অস্ত্রধরে বাঙালি জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেন। এসময় তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন দেশ গঠনে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান।
রংপুরে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত
তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি দেশের জনগণকে একটি উৎসবমূখর নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধপরিকর। মুক্তিযোদ্ধারা যেভাবে দেশের ক্রান্তিলগ্নে জাতির ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে এসেছিলেন, আসন্ন নির্বাচনেও দেশের কর্ণধার নির্ধারণে সেভাবে আপনারা এগিয়ে আসবেন। এসময় তিনি সকলকে দায়িত্বশীল ও সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও এবায়দুল হক চান।
এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।






















