মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে ভয়াবহ হামলা ইরানের
- আপডেট সময় : ০৪:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 56
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যে হামলা শুরু করেছিল, আজ সোমবার (৯ মার্চ ) তার দশম দিনে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েলসহ ওই অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান আগে থেকেই পাল্টা জবাব দিচ্ছিল; আজ তারা নতুন করে ইসরায়েল ও বিভিন্ন উপসাগরীয় দেশে হামলা চালিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই নতুন ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করে।
অন্যদিকে পিছিয়ে নেই ইসরায়েলও। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই বিমান হামলার কারণে ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সব আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: বাঘাই
ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলার আঁচ সরাসরি গিয়ে লেগেছে লেবানন ও অন্যান্য আরব দেশগুলোতে। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। রয়টার্সের প্রকাশিত ভিডিওতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে এবং একটি হোটেলে আগুন জ্বলতে দেখা গেছে, যার একটি অ্যাপার্টমেন্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের দাবি, রাতে চালানো এই হামলায় ইরানের কুদস ফোর্সের কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। এদিকে, বাহরাইনের প্রধান তেল শোধনাগারেও ভয়াবহ হামলা হয়েছে, যেখান থেকে প্রচণ্ড কালো ধোঁয়া উড়তে দেখা যায়। বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না।
এর পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর আকাশসীমাতেও তুমুল উত্তেজনা বিরাজ করছে। বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, রাজধানীর কাছাকাছি এলাকায় ইরানের একটি ড্রোন হামলায় অন্তত ৩২ জন বাহরাইনি নাগরিক আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে মাত্র দুই মাস বয়সী একটি শিশু এবং ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে, যার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। গুরুতর অবস্থায় থাকা চারজনের মধ্যে কয়েকজন শিশুর জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতেও একাধিক বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সৌদি আরব, কুয়েত ও কাতার নিজেদের আকাশসীমায় সফল প্রতিরোধ গড়ে তুলেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বৃহত্তম একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা চারটি ড্রোন তারা মরুভূমিতেই ধ্বংস করেছে। একইভাবে, কুয়েতের ন্যাশনাল গার্ড গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে একটি ড্রোন ভূপাতিত করেছে এবং কাতারের সশস্ত্র বাহিনীও একটি ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।






















খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩