বিশ্বকাপের বাজেট ১২শ কোটি টাকা কমাল ফিফা

- আপডেট সময় : ০১:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 81
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে টুর্নামেন্টের অপারেশনাল বাজেটে ১০০ মিলিয়ন ডলারেরও (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২৩০ কোটি টাকা) বেশি কাটছাঁট করেছে ফিফা। এই খবর জানিয়েছে দ্য অ্যাথলেটিক।
২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে ফিফা জানায়, ২০২৩-২৬ চক্রের মোট বাজেট ধরা হয়েছিল ৩.৭৫৬ বিলিয়ন ডলার। এর মধ্যে অপারেশনাল খাতে বরাদ্দ ছিল ১.১২ বিলিয়ন ডলার।
এই অর্থের মধ্যে টেকনিক্যাল সার্ভিসে ২৮০ মিলিয়ন, ইভেন্ট পরিবহন খাতে ১৫৯ মিলিয়ন, নিরাপত্তা ও সুরক্ষায় ১৪৫ মিলিয়ন এবং অতিথি ব্যবস্থাপনায় ৭৯ মিলিয়ন ডলার রাখার পরিকল্পনা ছিল।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থিত ফিফার সদর দপ্তরের কর্মীরা সম্প্রতি জানতে পেরেছেন, অপারেশনাল বাজেটের বিভিন্ন খাত- নিরাপত্তা, লজিস্টিকস, সিকিউরিটি এবং অ্যাক্সেসিবিলিটি থেকে মিলিয়ে মোট ১০০ মিলিয়ন ডলারেরও বেশি কমানো হয়েছে। চারটি ভিন্ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বকাপ খেলবে না ইরান, ফিফার সামনে নতুন শঙ্কা
এ বিষয়ে এক বিবৃতিতে ফিফা বলেছে, “ব্যয় নিয়ন্ত্রণে রাখতে এবং বিশ্বজুড়ে ফুটবল উন্নয়নে যত বেশি সম্ভব অর্থ বিনিয়োগ করতে আমরা নিয়মিত বাজেট পর্যালোচনা করি। বড় টুর্নামেন্টের আগে বাজেট পুনর্মূল্যায়ন করা স্বাভাবিক প্রক্রিয়া।”
৪৮ দলের অংশগ্রহণে ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি ভেন্যুতে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং ফাইনাল হবে ১৯ জুলাই।
নিরাপত্তা খাতে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস ৬২৫ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। তবে আংশিক সরকারি শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এখনও সেই অর্থ বিতরণ করতে পারেনি।
নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে ফিফা তাদের বিবৃতিতে জানিয়েছে, “বিশ্বকাপের অপারেশনাল সাফল্য কিংবা নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কখনোই আপস করব না। টুর্নামেন্ট পরিচালনায় প্রায় ৫ হাজার কর্মী মোতায়েন করা হবে, যাতে সব কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।”
























