ভিয়েতনামে দলের সঙ্গে যোগদানের সময় পেছাল হামজার
- আপডেট সময় : ০৪:৩৮:১০ অপরাহ্ন, রোববার, ২২ মার্চ ২০২৬
- / 48
২৬ মার্চ প্রীতি ম্যাচকে সামনে রেখে গতকাল শনিবার ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২২ সদস্যের স্কোয়াডের সঙ্গে আজ ভিয়েতনামে যোগ দেওয়ার কথা ছিল হামজা চৌধুরীর। তবে সেটি এখন দু’দিন পিছিয়ে ২৪ মার্চ পুননির্ধারণ করা হয়েছে।
গত সপ্তাহে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের জানিয়েছিলেন, হামজা ২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনাম পৌঁছাবেন। ফেডারেশনও এই সময়ের মধ্যে একই তথ্য দেয়। সেই আলোকে হোটেল রুম ও অন্যান্য ব্যবস্থা রেখেছিল বাফুফে। ফেডারেশন ও দলীয় সূত্রে প্রাপ্ত তথ্য– আজ আসার কথা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে।
গতকাল হামজার দল লেস্টার সিটি ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়াটফোর্ডের সঙ্গে ম্যাচ খেলেছে ৷ গোলশূন্য ম্যাচটিতে অবশ্য হামজা মাঠে নামেননি। কিন্তু তাঁর ক্লাব ফিফা উইন্ডোর সময়ে ছাড়তে চেয়েছে। তাই ২৩ মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে রওনা হবেন। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে পৌঁছাবেন ভিয়েতনামের হ্যানয়ে।
২৪ মার্চ বিকেলে এসে অনুশীলন করতে পারবেন না হামজা। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগের দিনই শুধু অনুশীলনের সুযোগ পাবেন।
ভিয়েতনামে প্রীতি ম্যাচ খেলে এরপর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা আছে বাংলাদেশের।



























মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট