মেসির নিবেদন নিয়ে মুগ্ধ মায়ামি কোচ
- আপডেট সময় : ০১:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 12
বাবা হোর্হে মেসির মৃত্যুর পর কঠিন সময় পার করছেন লিওনেল মেসি। এরই মধ্যে ইন্টার মায়ামির হয়ে মাঠেও নেমেছেন আর্জেন্টাইন মহাতারকা। কঠিন পরিস্থিতিতেও মেসির নিবেদন নিয়ে মুগ্ধ মায়ামি কোচ গিয়ের্মো হয়োস।
গত শনিবার আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর শনিবার রাতেই বিমানে করে আর্জেন্টিনার রোসারিওতে পৌঁছান মেসি। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত স্মরণসভায় অংশ নেন।
বৃহস্পতিবার লিগস কাপের ম্যাচে ক্লাব লিওনের বিপক্ষে মাঠে ফেরেন মেসি। ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামেন। মাঠে পা রাখার সময় নু স্টেডিয়ামের দর্শকেরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
দলের প্রতি মেসির এই নিবেদন প্রসঙ্গে হয়োস বলেন, ‘বলার মতো কোনো ভাষাই নেই। মানুষ হিসেবে তার মূল্যায়নের জন্য কোনো বিশেষ উপমা খুঁজে পাচ্ছি না। এখানে আমরা একজন ফুটবলার হিসেবে তার দক্ষতার কথা বলছি না, বরং তার বিশাল হৃদয়ের একজন অসাধারণ মানুষ হিসেবে তার মূল্যকে দেখছি। অনেক সময় শুধু শব্দ দিয়ে সব প্রকাশ করা যায় না।’
রোববার ভোরে এমএলএসে ন্যাশভিল এসসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। শুক্রবার দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করেছেন মেসি। তার খেলার সময় এবং দলের সঙ্গে তার যোগাযোগ কেমন হবে—এ বিষয়ে জানতে চাওয়া হলে ইন্টার মায়ামির কোচ ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।
হয়োস বলেন, ‘এমন কিছু বিষয় থাকে যা অত্যন্ত ব্যক্তিগত। আপনাদের প্রত্যেকেরই যেমন নিজস্ব ব্যক্তিগত ব্যাপার রয়েছে, তেমনি তারও আছে। আমি যদি হঠাৎ এসে আপনাদের একের পর এক প্রশ্ন করতে শুরু করি, তবে আপনারা বলতেই পারেন, ‘এটি একান্তই ব্যক্তিগত বিষয়।’
মায়ামি কোচ আরও বলেন, ‘এই কারণেই আমি নীরবতার কথা বলি, যা অনেকে মূল্যায়ন করতে পারেন না। অনেকেই নানা কথা বলতে এবং মতামত দিতে ভালোবাসেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে এই সীমানাগুলোকে সত্যিকার অর্থে সম্মান জানানোই আসল বিষয়। সে এখন কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যা খুবই স্বাভাবিক। আর আমরা সেটিকে গভীরভাবে সম্মান করি।’
মেসির আজকের এই মেসি এই হয়ে ওঠার পেছনে বড় অবদান ছিল হোর্হে মেসির। বাবার মৃত্যুতে কয়েকদিন আগে আবেগঘন বার্তা দেন মেসি। আর্জেন্টাইন তারকার কঠিন সময়ে পাশে থেকে হোয়োস বলেন, ‘আমি মনে করি প্রতিটি বিষয় ধীরে ধীরে স্বাভাবিক হওয়া উচিত; এর সঙ্গে গভীর বেদনা জড়িত এবং এটি এমন কোনো বিষয় নয় যা রাতারাতি বদলে যায়।’
তিনি আরও বলেন, ‘তাই আমার বিশ্বাস, এই পরিস্থিতিতে নীরবতাই সবচেয়ে ভালো উপায়—নিরবতা, প্রশান্তি এবং শান্তি, যা তাকে নিজের মতো করে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেবে। আমাদের তার পাশে থাকা উচিত, এই নীরবতা ভাগ করে নেওয়া উচিত। আমার কাছে নীরবতা খুবই গুরুত্বপূর্ণ, যা মানুষকে অবশেষে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করে। সে সত্যিই একজন অসাধারণ মানুষ এবং তার একটি চমৎকার পরিবার রয়েছে।’



























অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে: স্বাস্থ্যমন্ত্রী