মাত্র ১ ডলারে বিক্রি পুরো ফুটবল ক্লাব
- আপডেট সময় : ০১:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 10
অবিশ্বাস্য ও অভূতপূর্ব এক ঘটনার দেখা মিলল ভারতের ফুটবলে। মাত্র ১ ডলারে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাব জামশেদপুর এফসির মালিকানা ছেড়ে দিয়েছে টাটা স্টিল।
গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব প্রাইভেট লিমিটেডের কাছে নিজেদের পুরো অংশীদারত্ব মাত্র ১০০ রুপিতে (১ ডলারের কিছু বেশি) বিক্রির অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি।
টাটা স্টিলের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।
জামশেদপুর ফুটবল ও স্পোর্টিং প্রাইভেট লিমিটেডে টাটা স্টিলের কাছে থাকা ৪ কোটি ৮ লাখ শেয়ারের সবই চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তিও (এসপিএ) সই হয়েছে।
তবে মালিকানা বদলের জন্য কিছু আনুষ্ঠানিকতা ও অনুমোদন প্রয়োজন। এর মধ্যে রয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) অনুমোদন। সব প্রক্রিয়া শেষ করে আগামী ৩১ আগস্টের মধ্যে চুক্তিটি সম্পন্ন হওয়ার কথা।
প্রশ্ন উঠতে পারে, মাত্র ১০০ রুপিতে কেন বিক্রি হলো পুরো ফুটবল ক্লাব! এর উত্তর পাওয়া যাবে ক্লাবের মালিকানাধীন প্রতিষ্ঠান জেএফএসপিএলের আর্থিক অবস্থার দিকে তাকালে। ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির টার্নওভার ছিল ৩২ কোটি ২৩ লাখ রুপি।
তবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এর নিট সম্পদের পরিমাণ ছিল ঋণাত্মক ৫ কোটি ৮০ লাখ রুপি। অর্থাৎ, জামশেদপুর এফসির পরিচিতি, আইএসএলে খেলার লাইসেন্স এবং লিগের কাঠামোয় অবস্থান থাকলেও ক্লাবটির পেছনের প্রতিষ্ঠানটি আর্থিকভাবে খুব শক্ত অবস্থানে ছিল না।
তাই ১ ডলার বা ১০০ রুপিতে ক্লাবের মালিকানা হস্তান্তরকে লাভজনক কোনো স্পোর্টস ফ্র্যাঞ্চাইজির প্রচলিত বাজারমূল্য হিসেবে দেখার সুযোগ কম। বরং এটিকে প্রতীকী মূল্যে মালিকানা হস্তান্তর হিসেবেই দেখা হচ্ছে।
মালিকানা বদলের সঙ্গে জামশেদপুর এফসির আইএসএল খেলার লাইসেন্সও এআইএফএফের নিয়ম অনুযায়ী চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তর হবে। পাশাপাশি আগামী সেপ্টেম্বর থেকে জামশেদপুর এফসির ১২ জন ফুটবলার ও দুই কোচের চুক্তির দায়িত্বও নেবে গোয়ার ক্লাবটি।
ফলে তারা আইএসএলে খেলা চালিয়ে যেতে পারবেন।
এর মধ্য দিয়ে ২০১০ সাল থেকে জামশেদপুরের ফুটবলের সঙ্গে সরাসরি যুক্ত থাকা টাটা স্টিলের মালিকানার অবসান হচ্ছে।
তবে ফুটবল থেকে পুরোপুরি সরে যাচ্ছে না প্রতিষ্ঠানটি। স্থানীয় ও আদিবাসী জনগোষ্ঠীর প্রতিভা খুঁজে বের করা এবং তাদের বিকাশে তৃণমূল ও বয়সভিত্তিক ফুটবলে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে টাটা স্টিল।
জামশেদপুরে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত টাটা ফুটবল একাডেমিও থাকবে সেই কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে। একাডেমিটি এখন পর্যন্ত ৩০০-র বেশি খেলোয়াড় তৈরি করেছে, যাদের প্রায় ১৫০ জন ভারতের জাতীয় দলে খেলেছেন।
ভারতীয় ফুটবলের পুরোনো নাম চার্চিল ব্রাদার্স। গোয়াভিত্তিক ক্লাবটি প্রায় চার দশক ধরে ফুটবলে আছে এবং দুবার আই-লিগ জিতেছে।
তবে সাম্প্রতিক সময়ে ক্লাবটি প্রশাসনিক ও আইনি জটিলতায় পড়ে। হারানো আই-লিগ শিরোপা নিয়ে বিরোধ ও পরে ইন্ডিয়ান ফুটবল লিগের (আইএফএল) মৌসুমে অংশ না নেওয়ার জেরে এআইএফএফ তাদের তৃতীয় স্তরের লিগ- আইলিগ ২তে নামিয়ে দিয়েছিল।
এদিকে, দলের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জামশেদপুর এফসিকে ১২ আগস্ট পর্যন্ত সময় দিয়েছিল এআইএফএফ। শেষ পর্যন্ত মালিকানা বদলের পথেই এগোল ক্লাবটি।



























অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে: স্বাস্থ্যমন্ত্রী