ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

- আপডেট সময় : ১০:৪১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / 61
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও হারল ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে আজ (২৯ জুলাই) অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭১ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ৩ উইকেট এবং ১৮ বল হাতে রেখে পেরিয়ে যায়। এই জয়ের ফলে টি-টোয়েন্টি সিরিজেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে অজিরা। এর আগে সফরের তিন ম্যাচ টেস্ট সিরিজে সবগুলো জিতেছিল অস্ট্রেলিয়া, ফলে এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে ৮-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করল তারা।
কোনো সফরে হারের মুখ না দেখে সবচেয়ে বেশি জয় পাওয়ার তালিকায় অস্ট্রেলিয়া অবস্থান করছে যৌথভাবে দ্বিতীয় স্থানে। তবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ভারতের সব সংস্করণ মিলিয়ে ৯-০ ব্যবধানে জয় ছিল।
শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। এরপর রাদারফোর্ড ও হেটমায়ার দলের রানের গতি বাড়ান। রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রান করে ম্যাক্সওয়েলের বলে বোল্ড হন, আর শিমরন হেটমায়ার ৩১ বলে ৫২ রান করেন যা ছিল দলীয় সর্বোচ্চ ইনিংস। শেষ দিকে জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ২০ রান। বাকিরা কার্যকর রান করতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে বেন ডোয়ারসুইস ৩ উইকেট নেন। নাথান এলিস ২ উইকেট পান, আর অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট এবং অ্যাডাম জাম্পা এক করে উইকেট নেন।
জবাবে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি, ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে দলের সবাই ছোট অবদান রেখে জয় তুলে নেয়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান আসে মিচেল ওয়েনের ব্যাট থেকে, তিনি করেন ১৭ বলে ৩৭ রান। ১৮ বলে ৩২ রান করেন দারুণ ফর্মে থাকা ক্যামেরন গ্রিন। এছাড়া, টিম ডেভিড ৩০ এবং অ্যারন হার্ডি ২৮ রানে অপরাজিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নিয়েছেন আলেক হোসেন। ২টি করে উইকেট পেয়েছেন জেসন হোল্ডার ও আলজারি জোসেফ।
ম্যাচসেরা হয়েছেন বেন ডোয়ারসুইস এবং পাঁচ ম্যাচে তিনটি ফিফটি সহ ২০৫ রান করা ক্যামেরন গ্রিন হন সিরিজসেরা।
























