রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ফ্লাইট বাতিল

- আপডেট সময় : ০৩:২৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 0
সৌদি আরবের রাজধানী রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয়বারের মতো হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। হামলায় একটি যাত্রীবাহী বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) হুথিদের পক্ষ থেকে হামলার দাবি করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন।
এ বিষয়ে তিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার বিমানবন্দরের টার্মিনালে পার্ক করে রাখা সৌদি এয়ারলাইনসের একটি বাণিজ্যিক বিমানে আগুন ধরে যায়। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ অথবা অন্য কোনো প্রক্ষেপণের আঘাতে বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানান। ওই সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে না। তবে কেউ আহত হয়েছেন কিনা, তা নিশ্চিত করতে পারেননি কর্তৃপক্ষ।
রিয়াদে বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সেখানে আগুন নেভানোর গাড়ি ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়। রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে বিমানবন্দর এলাকা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে। এ সময় বহির্গামী ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীদের বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনার পর জার্মানির লুফথানসা ও ভারতের এয়ার ইন্ডিয়া রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকাল ৩টার দিকে রিয়াদ বিমানবন্দরের প্রায় অর্ধেক ফ্লাইট বাতিল করা হয়েছিল।
শুক্রবার সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে আরও ৩১টি ফ্লাইট বাতিল হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। সূত্র: রয়টার্স





















