আগামী জাতীয় নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

- আপডেট সময় : ১১:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 104
আগামী জাতীয় নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আর যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উগ্রবাদ ও চরমপন্থা যেন দেশে ফিরে না আসে, সেজন্যও সতর্ক থাকা জরুরি।’
আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) রাজধানীর মিন্টু রোডের শহিদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এ আয়োজন করে।
তারেক রহমান বলেন, ‘নিরাপদ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তারেক রহমান বলেন, একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন হওয়া দরকার, তেমন দেশ গড়তে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সবার জন্য নিরাপদ, গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছেন। নারী শক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারবে না। কিন্তু দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্বাবলম্বীতার ক্ষেত্রে নারীরা অনেকাংশে পিছিয়ে। তাদের অর্থনৈতিক সাবলম্বীতায় বিএনপির বেশকিছু পরিকল্পনা রয়েছে। নারীদের শিক্ষাদান এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা গেলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব।
এ সময় বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লাখ প্রান্তিক পরিবারের ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।






















