যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: দুদু

- আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 62
প্রতিনিধিত্বমূলক নির্বাচন (পিআর পদ্ধতি) নিয়ে যারা গোঁ ধরছেন, তারা সাধারণত নির্বাচন দেখে ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ শনিবার (৯ আগস্ট) সকালে চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যারা পিআর পদ্ধতি চায়, তাদের নির্বাচনে ভয় পাওয়ার বাস্তব কারণ রয়েছে। অনেক ইসলামি রাজনৈতিক দল রয়েছে, যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যতম।’
দুদু বলেন, আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তানাবুদ হয়েছে, বিশেষ করে বরিশালের সবশেষ নির্বাচনে তাদের পীর রক্তাক্ত হয়েছেন। এরপর থেকেই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ, এর আগ পর্যন্ত প্রতিটি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগকে ‘পেয়ারের সংগঠন’ বলেই মেনে এসেছে।
তিনি আরও বলেন, ‘যদি কেউ মনে করে পিআর পদ্ধতি খুবই জনপ্রিয়, তাহলে তারা এটি নিজেদের কর্মসূচিতে যুক্ত করুক এবং নির্বাচনে জয়লাভ করে তারপর সিদ্ধান্ত নিক। কেননা এই পদ্ধতি চালুর জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাগবে।
সরকারের স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘বিশ্বের যেসব দেশে পিআর পদ্ধতি রয়েছে, সেসব দেশে বারবার সরকার পরিবর্তনের ইতিহাস রয়েছে। যেমন নেপালে তিন বছরে ১০ বার সরকার পরিবর্তন হয়েছে। একটি দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।’




















