রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৩:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / 69
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে। মতিহার থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করেন।
জানা যায়, মনিরুল ইসলাম কৃষি কাজ করতেন। তারা মাটির একটি ঘরে বসবাস করতেন। ঋণের চাপ সইতে না পেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর মো. মিনারুল আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘আমরা জানতে পেরেছি মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’





















