নারী সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

- আপডেট সময় : ১১:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 45
এবার ভুটানে মিশন সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপ। আজ (বুধবার, ২০ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিকদের মুখোমুখি হয় নারী অনূর্ধ্ব-১৭ দল। নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে আলপী আক্তার করেন জোড়া গোল, একটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি।
প্রথমার্ধের শেষ মুহূর্তে বাংলাদেশ এগিয়ে যায়। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ার সময় ভুটানি গোলরক্ষক বল থামাতে এগিয়ে এলে ডিফেন্ডারের সঙ্গে ধাক্কায় বল সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে ঢুকে যায়।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে আলপী আক্তারের দুর্দান্ত শটে ব্যবধান হয় ২-০। কিছুক্ষণ পর ভুটান একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা টেকেনি।
৬৪ মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলার মধ্যে কাছ থেকে আলপী আক্তার আবারও বল ঠেলে দেন জালে। ফলে ৩-১ গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের মেয়েদের। ম্যাচের শেষ ভাগে আরও কয়েকটি সুযোগ পেলেও ভুটানি ডিফেন্ডারদের দৃঢ়তায় ব্যবধান আর বাড়েনি।
বাংলাদেশ নারী ফুটবল এখন ধারাবাহিক সাফল্যের পথে। গত জুলাইয়ে সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করে। একই মাসে অ-২০ দল সাফ শিরোপা জেতে। আগস্টে অ-২০ দলও এশিয়া কাপে জায়গা করে নেয়। এবার অ-১৭ দলও সাফ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল জয় দিয়ে।
























