ডাকসু নির্বাচন আমাদের একটা সংকেত দিল: সেলিমা রহমান

- আপডেট সময় : ০৩:৪৯:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 71
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বিএনপির জন্য একটা সংকেত বলে মন্তব্য করছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আজ বুধবার বরিশাল নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ে বরিশাল উত্তর জেলা মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘ডাকসু নির্বাচনে কেন, কী হয়েছে, এটা বিশ্লেষণের ব্যাপার। পতিত সরকারের সঙ্গে যাদের যোগসাজশ ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে। এখনো স্বৈরশাসকের দোষররা আমাদের পাশে রয়ে গেছে। ডাকসু নির্বাচনে আমরা কিছুটা আশাহত হয়েছি। এটা আমাদেরকে একটা সংকেত দিল। এই কারণে আমরা সাবধান হয়ে গেলাম। আমাদেরকে কাজ হরতে হবে, সচেতন হতে হবে।’
এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ
বিএনপির এই নেত্রী বলেন, ‘আওয়ামী দোসরদের নিয়ে যারা কাজ করছে অতীতে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য যারা শুধুমাত্র কোনরকম সংগ্রামে ছিল না তারা আজকে যে খেলা খেলছে সেই খেলা ধরা পড়ে গেছে। এখন আমাদের জন্য অনেক সহজ হলো কারা এবং কীসের জন্য, কে এই দেশকে ধ্বংস করার জন্য কারা এখনো খেলা খেলছে। সচেতন বিএনপি কর্মীরা বুঝতে পারছে।’
উত্তর জেলা মহিলা দলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতিত্ব করেন উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাম্মদ লিপি, সহসভাপতি হোসনেয়ারা বেবীসহ বিভিন্ন উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।




















