দেশে অর্থায়নের অভাব থাকলেও ট্যাক্সের ওপর নির্ভর করলে চলবে না: অর্থ উপদেষ্টা

- আপডেট সময় : ০১:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 49
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে অর্থায়নের ঘাটতি থাকলেও শুধু ট্যাক্সের ওপর নির্ভর করে চলবে না। ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে হবে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের অডিটোরিয়াম আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন : রাজস্ব ক্ষেত্র, অবকাঠামো সরবরাহ এবং ইসলামী মানি মার্কেট উন্নয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে মূলধন বাজার এখনও উন্নত হয়নি। সরকারি বন্ড সেগমেন্ট থাকলেও সেখানে বেসরকারি খাতের অংশগ্রহণ খুবই কম, আর শেয়ারবাজার প্রায় নগণ্য। ফলে অর্থায়নের ক্ষেত্রে বড় প্রকল্পগুলো ঝুঁকি ভাগাভাগি না করে কেবল ব্যাংকের ওপর নির্ভরশীল হচ্ছে। এতে ঋণখেলাপি ও তহবিল অপব্যবহারের ঘটনা ঘটছে, যা দেশের জন্য বড় ট্র্যাজেডি। অথচ প্রকৃতপক্ষে ঝুঁকি ভাগাভাগি করতে হলে মানুষকে বন্ড, ডিবেঞ্চার ও শেয়ারে বিনিয়োগ করতে হবে। ব্যাংক থেকে শুধু ঋণ নেওয়া এবং পরে তা ভুল খাতে ব্যবহার করা কোনো সমাধান নয়। তাই মূলধন বাজারে বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং বিনিয়োগকারীদেরও বুঝতে হবে যে এখানে ঝুঁকি যেমন আছে, তেমনি লভ্যাংশ বা মুনাফার সম্ভাবনাও আছে।
জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন: এনবিআর
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে ট্যাক্স জিডিপি রেশিও ৭.২৫ শতাংশ হলেও ব্রাজিলে এ হার ২৬ শতাংশ। এর কারণ দেশের মানুষ ট্যাক্স দিলেও সেবা পায় না। ’
তিনি বলেন, ‘সবাই ট্যাক্স কমাতে বলেন। এমন করা হলে সামনের দিনে বেতনভাতা দেয়াও কঠিন হয়ে পড়বে।’
অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখনো সিকিউরিটাইজেশন কার্যকর হয়নি। অথচ মেট্রোরেলসহ বড় প্রকল্পগুলোতে এ প্রক্রিয়া ব্যবহার করলে বিশ্বব্যাংকের ঋণ নির্ভরতা কমানো যেত। এছাড়া পেনশন ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড ব্যবহারে সতর্ক হতে হবে, কারণ এগুলো সরকারি দায়বদ্ধতা।
তিনি বলেন, শুধু মূলধন ও সুকুক বাজার নয়, বীমা বাজারের উন্নয়নেও নজর দেওয়া জরুরি। একই সঙ্গে কর কাঠামো ও প্রণোদনা সংস্কার করে বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘বিশ্বের তুলনায় স্টক মার্কেটে আমাদের অবস্থা লন খুবই দুর্বল।’
বিনিয়োগের জন্য ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারের দিকে দাবিত হতে হবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘নিয়ন্ত্রণের মনোভাব থেকে বেরিয়ে উন্নয়নের মনোভাবের দিকে যেতে হবে।’
বিনিয়োগের পরিবেশ তৈরি করা যায়নি বলেই দেশের বাহিরে টাকা চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।




















