শাহজালাল বিমানবন্দরে আগুন, ফ্লাইট চলাচল বন্ধ
- আপডেট সময় : ০৪:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 45
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আরও ৬ ইউনিট যুক্ত হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করছে।
শাহজালাল বিমানবন্দরের এ আগুন নিয়ন্ত্রণে নৌ ও বিমান বাহিনীর পর এবার উদ্ধার অভিযানে ২ প্লাটুন বিজিবিও যুক্ত হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ (শনিবার, ১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে।
আকস্মিক আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বর্তমান ৩৭ ইউনিট কাজ করছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুনের ঘটনায় বিমান ওঠানামা স্থগিত থাকায় ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি১৬৩ ফ্লাইট, ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই১১১৬ ফ্লাইটটি ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে।
এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রাম যাচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর আবার চট্টগ্রামে ফিরে গেছে।
দ্রুত বাড়ছে গোল্ড রিজার্ভ: ব্যাঙ্ক অব ইন্ডিয়া
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দরের দায়িত্বরতরা কাজ করছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ভেতরে ৮ নম্বর গেটের কাছে স্কাই ক্যাপিটালের অফিস ও ইম্পোর্ট কার্গো এরিয়ায় আগুন লেগেছে। দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কার্গো সেকশনে আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছে এবং জানিয়েছে যে, প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।





















রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ