মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০১:২৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 57
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এর আগে রোববার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শত শত মানুষ অংশ নেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী এলাকার মৃত আব্দুল জলিল চোকিদারের ছেলে আবুল কালাম আজাদ। চার ভাইয়ের মধ্যে তিনি ছোট। স্ত্রী ও দুই শিশু সন্তান আব্দুল্লাহ (৫) ও সুরাইয়া আক্তারকে (৩) নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন।
দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে তার জানাজা ও দাফনে অংশ নিয়েছি। আমরা সার্বক্ষণিক তার পরিবারের পাশে রয়েছি। পরিবারের লোকজন যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনকে পাশে পাবে।
প্রসঙ্গত, রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম।
দুর্ঘটনার পর সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে চাকরির সুযোগ দেওয়া হবে।
এ ছাড়া এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
























মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট