আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: রাশেদ খান

- আপডেট সময় : ০৪:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 64
আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) আগামী নির্বাচনে বড় কোনো ঝামেলা করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় এই নেতা বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) আগামী নির্বাচনের অন্তরায়। তারা সুষ্ঠু নির্বাচন হতে দেবে না। আগামী জাতীয় নির্বাচনে বড় কোনো ঝামেলা তৈরি করতে এ দু’টি দল ষড়যন্ত্র করছে।
সিইসির সঙ্গে বৈঠকের বিষয়ে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দিলে তারা আগামী জাতীয় নির্বাচন বানচাল করবে। নির্বাচনে সংঘর্ষ করবে। আগামী নির্বাচনে তারা যাতে অংশ নিতে না পারে, সে ব্যাপারে ব্যবস্থা নিতে সিইসিকে অনুরোধ জানিয়েছি।
আমরা নির্বাচনে জোট করবো না: জামায়াত আমির
রাশেদ খান বলেন, সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা ২০২৪ সালে ডামি নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিয়েছিলেন, তারাই এবার নির্বাচনে অংশ নিতে পাঁয়তারা করছে। তারা যাতে অংশ নিতে না পারেন, সে বিষয়টি জাতিকে স্পষ্ট করা ছাড়াও জাতীয় পার্টি এবং ১৪ দলের নিবন্ধন বাতিল করতে সিইসিকে অনুরোধ করেছি।
আমজনতার দলের নিবন্ধন পেতে অনশন প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের বিষয়টি ইসি মিটিংয়ে তোলা হবে বলে সিইসি আমাকে জানিয়েছেন। সুষ্ঠু নির্বাচনে ইসির প্রতি আমার আস্থা আছে। তবে ইসি একা এটি সম্ভব নয়, সবাইকে সহযোগিতা করতে হবে।




















