ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 127
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ভারতের নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদল অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন।
নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তারা সিএসসির (কলম্বো সিকিউরিটি কনক্লেভ) কাজ এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরবে কি না জানা যাবে বৃহস্পতিবার
জানা গেছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভে তার উপস্থিতি সরকারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
আগামীকাল (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) দিল্লিতে পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বছরের জুনে বাংলাদেশ পঞ্চম দেশ হিসেবে সিএসসিতে যুক্ত হয়।
এবারের সম্মেলনে পাঁচ দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিচ্ছেন ড. খলিলুর রহমান। অজিত দোভালের আমন্ত্রণে গতকাল (মঙ্গলবার, ১৮ নভেম্বর) রাতে আঞ্চলিক এ ফোরামে যোগ দিতে ড. খলিলুর রহমান নয়াদিল্লি পৌঁছান।





















